এলাকাবাসীর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মনোজ তিওয়ারি
দি নিউজ লায়নঃ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসে এলাকাবাসীর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক মন্ত্রী মনোজ তিওয়ারি। হাওড়া পুরনিগমের ২২ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার এক অনুষ্ঠানে এলাকার প্রায় ৬০০টি পরিবারের হাতে রেশন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা।
এদিন এলাকার বিধায়ককে সামনে পেয়ে মানুষজন এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এখনও পর্যন্ত ওই এলাকায় নেই কোনও জল নিকাশি ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই জলমগ্ন অবস্থায় পড়ে থাকে হাওড়া পৌরসভা ২২ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। বিধায়ক মন্ত্রী সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এদিন মনোজ তিওয়ারি সাংবাদিকদের বলেন, মানুষকে পরিষেবা দেবার জন্যই রাজনীতিতে আসা। আমার এলাকার ওয়ার্ডগুলিতে অনেকেই গরীব মানুষ আছেন।
এই এলাকার জনপ্রতিনিধিদের সহায়তায় এদিন গরীব মানুষদের খাবার বিতরণ করা হয়েছে। প্রায় ৬০০ প্যাকেট খাবার দেওয়া হয়েছে। যে পরিমান এই খাবার দেওয়া হয়েছে তা প্রায় দুই সপ্তাহ চলবে। এরপরেও চেষ্টা করা হবে কীভাবে আরও পরিষেবা দেওয়া যায় মানুষজনকে। জল জমার সমস্যার ব্যাপারে তিনি বলেন, জল জমা হাওড়ার দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা নিয়ে এক সপ্তাহ অন্তর হাওড়া পুরনিগমের সঙ্গে আলোচনা হয়।
নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের জন্য হাওড়া জেলায় একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। সেই মাস্টার প্ল্যানের ফাইল তৈরি হয়ে গেছে। সেই ফাইল অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন পেলে হাওড়ার পুরনো নিকাশি সমস্যার সমাধান হবে। তবে বর্তমান পরিস্থিতিতে সরকার করোনা, ভ্যাকসিন প্রভৃতির জন্য খরচ করছে। স্বভাবতই এই কারণে টাকার অভাবে অনেক ফাইল অনুমোদন করা হচ্ছে না। তবে সরকার রাস্তার প্যাচ আপ, নিকাশি নালার জল সরানোর জন্য অস্থায়ীভাবে পাম্প এনে ব্যবস্থা করেছে।

Post a Comment